২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার 'ব্রেনচাইল্ড' তত্ত্বাবধায়ক সরকার: মওদুদ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি বলেছে, এই ব্যবস্থা বাতিল করে নিজেরই কবর রচনা করছে ক্ষমতাসীন দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি বলেছে, এই ব্যবস্থা বাতিল করে নিজেরই কবর রচনা করছে ক্ষমতাসীন দল। বৃহস্পতিবার বিকালে ঢাকায় এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ মন্তব্য করেন। তিনি বলেন, "আদালতের রায়ের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ নিলেও এই ব্যবস্থার জন্য আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও আন্দোলন করেছিলো। বর্তমান প্রধানমন্ত্রী নিজ হাতেই তার 'ব্রেনচাইল্ড' তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মৃত্যু ঘটিয়েছেন।'' ''সরকার বুঝতে পেরেছে, নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। তাই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ নিয়েছে", যোগ করেন মওদুদ। রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে এই আলোচনা সভার আয়োজন করে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া দর্শক আসনে বসে আলোচকদের আলোচনা শুনেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে সহসভাপতি সেলিমা রহমান, ঢাকা জেলা সভাপতি আবদুল মান্নান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সাংসদ শাম্মী আখতার, নীলুফার চৌধুরী মনি, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় যোগ দেওয়ার আগে খালেদা জিয়া ইন্সটিটিউশন প্রাঙ্গণে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) এর উদ্যোগে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় এ্যাব সভাপতি আ ন হ আখতার হোসেন উপস্থিত ছিলেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ অভিযোগ করেন, এয়োদশ সংশোধনীর বিষয়ে সুপ্রিমকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি না পেলেও তড়িঘড়ি করে সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের উদ্যোগ নিয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববারের হরতাল কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এজন্য তিনি জনগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করতেও বলেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের আগে প্রধানমন্ত্রীর উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। কারণ, এই ব্যবস্থা প্রবর্তনের দাবিতে আওয়ামী লীগ ২২ দিন হরতাল করছিলো। ওই আন্দোলনের সময় অনেক মানুষের প্রাণহানিও ঘটে। মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, সভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনীর হোসেন, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১৫ ঘ.