চাঁদপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।
এই ছয়টি ইউনিয়ন হলো আলগী উত্তর, আলগী দক্ষিণ, চর ভৈরবী, নীল কমল, গাজীপুর ও হাইমচর।
নির্বাচন চলাকালে দুপুরের দিকে আলগী দক্ষিণ ইউনিয়নের নীলকমল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে ৭ জনকে আটক করে পুলিশ। ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
আলগী উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলগী দক্ষিণ ইউনিয়নের গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম অলিউল্ল্যা জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এই ভোট কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরিস্থিতি শান্ত হলে আবার ভোট গ্রহণ করা হয়।
এই ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৩ জন, সাধারণ সদস্য পদে ১৯৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ৬১ হাজার ৯শ' ৫৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩৬ ঘ.
bdnews24