২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল সরকার না আদালতের বিরুদ্ধে: হাসিনা

বিএনপির ডাকা ৫ জুনের হরতাল সরকার না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা ৫ জুনের হরতাল সরকার না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতের রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক রাখার সুযোগ নেই বলে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বলেন প্রধানমন্ত্রী। এর পরদিন বিএনপি ও জামায়াতে ইসলামি আগামী ৫ জুন রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে। শেখ হাসিনা বৃহস্পতিবার বলেন, এই হরতাল কি সরকার না, আদালতের বিরুদ্ধে? কারণ, ত্রয়োদশ সংশোধনী অবৈধ বলে আদালত রায় দিয়েছে। নিলয়-নিটল এবং আইপিএসএসএল গ্র"পের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলে তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে রায় দিয়েছে, তাতে সরকারের আর কিছুই করার নেই। তিনি জানান, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে। যাতে তারা সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারে। জনগণের ভোটের রায়ের প্রতিফলন ঘটাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা প্রবর্তনের কথাও বলেন শেখ হাসিনা। নিলয়-নিটল গ্র"পের মাতলুব আহমেদ এবং এফবিসিসিআই'র সহ সভাপতি এম জসিম উদ্দিনের নেতৃত্বে এই প্রতিনিধি দল দু'টি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলের সদস্যরা ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে স্বাগত জানান এবং সে অনুযায়ী সরকারের পদক্ষেপের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বাণিজ্যমন্ত্রী ফারুক খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী দিপু মণি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাসান মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭৩০ ঘ.