মাগুরা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে আদালত।
বৃহস্পতিবার মাগুরার সহকারী জজ আদালতের বিচারক সুলতানা রাজিয়া এ আদেশ দেন বলে জানিয়েছে সদর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়।
৫ জুন এ ইউনিয়নে ভোটগ্রহণের কথা ছিলো।
উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অমরেশ চন্দ্র রায় নামে একজন স্কুল শিক্ষকের আবেদনে আদালত নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছে।
অমরেশ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার প্রার্থিত বাতিল হওয়ায় আদালতে যান তিনি।
অমরেশের মনোনয়নপত্র কেন বৈধ হবে না, তার কারণ জানাতে আদালত নির্বাচন কমিশনকে জানিয়েছে। সেই সঙ্গে আগামী ৪ জুলাই পর্যন্ত ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বলে জানান ওহিদুজ্জামান মুন্সী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫০০ ঘ.
bdnews24