২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য এলাকার নারীরা পিছিয়ে'

শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য জেলাগুলোতে নারীর ক্ষমতায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

রাঙামাটি, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য জেলাগুলোতে নারীর ক্ষমতায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। বুধবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা এ অভিযোগ করেন। 'প্রথাগত আইনে আদিবাসী পাহাড়ি নারীর অবস্থান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও কাপেং ফাউন্ডেশন। বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা বলেন, চুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিটিতে নারীদের জন্য তিনটি করে আসন সংরক্ষিত থাকার কথা। এছাড়া পার্বত্য আঞ্চলিক পরিষদে তিনজন নারী প্রতিনিধি থাকার কথা রয়েছে। চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় এসব সংস্থার নির্বাচন হচ্ছে না। ফলে নারীদের প্রতিনিধিত্বের বিষয়টিও বাস্তবায়িত হচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সন্তু লারমা। পার্বত্য চট্টগ্রামে 'বহু শাসনব্যবস্থা বলবৎ' অভিযোগ করে সন্তু লারমা বলেন, "পার্বত্য চট্টগ্রামে অঘোষিত সেনাশাসন চলছে।" বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরুপমা দেওয়ান। কাপেং ফাউন্ডেশনের সহ-সভাপতি দীপায়ন খীসার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চলের আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, খাগড়াছড়ি জেলা হেডম্যান সমিতির সভাপতি শক্তিপদ ত্রিপুরা ও নারী নেত্রী টুকু তালুকদার। সেমিনারে ধারণাপত্র উপাস্থাপন করেন সুস্মিতা চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৩২ ঘ.