ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ গত অর্থবছরে ৮০ কোটি টাকা লোকসান করেছে জানিয়ে বিমানমন্ত্রী বলেছেন, এ ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সংসদে এসকে আবু বাকেরের এক সম্পূরক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জিএম কাদের বলেন, ২০০৯-১০ অর্থবছরে বিমানে ৮০ কোটি ১৪ লাখ টাকা লোকসান হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তা প্রকাশে কোনো আপত্তি নেই।
"প্রতিবেদনে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
গত চারদলীয় জোট সরকারের আমলে বিমান সাতশ কোটি টাকারও বেশি লোকসান করে বলে জানান তিনি।
তিনি বলেন, ওই সময় বিমানের নীট লোকসানের পরিমাণ সাতশ ৩০ দশমিক ২২ কোটি টাকা।
সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচএম গোলাম রেজার লিখিত প্রশ্নের জবাবে কাদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিমানের উড়োজাহাজের সংখ্যা ১১টি। এর মধ্যে নিজস্ব আটটি- ডিসি ১০-৩০ চারটি, এয়ারবাস এ-৩১০-৩০০ দুইটি এবং এফ-২৮ দুইটি।
ইজারা নেওয়া উড়োজাহাজের সংখ্যা তিনটি- এয়ারবাস এ-৩১০-৩০০ একটি এবং বোয়িং ৭৩৭-৮০০০ উড়োজাহাজ দুইটি।
বিমানের ধারাবাহিক লোকসান প্রসঙ্গে গোলাম কাদের জানান, সরকারি জিনিস মুনাফার জন্যে নয়, বরং সার্ভিসের জন্য দেওয়া হয়। ভারতীয় এয়ারলাইন্সও ভালো করতে পারে না।
মারুফ সাকলাইনের সম্পুরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই মেয়াদের সরকার সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটসহ সবগুলিতে বিমান পাঠানোর জন্য চেষ্টা করবে।
বুধবার বিকাল সোয়া ৫টার পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৭৫৩ ঘ.
bdnews24