২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন হরতালের আওতামুক্ত থাকবে

ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববারের হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববারের হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিএনপি। বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৫ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এটি বিএনপি'র ডাকা পঞ্চম হরতাল। মির্জা ফখরুল বলেন, " আগামী ৫ জুন যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকবে সেসব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।'' এছাড়া হাসপাতাল ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর গাড়ি, রেস্তোরাঁ, ওষুধের দোকান ইত্যাদি হরতালের আওতার বাইরে থাকবে বলেও জানান ভারপ্রাপ্ত মহাসচিব। সেইসঙ্গে ৫ জুন সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং যান চলাচল বন্ধ রেখে হরতাল কর্মসূচি সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। সর্বশেষ বিএনপি হরতাল ডেকেছিল এ বছরের ৭ ফেব্র"য়ারি। আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল ৭ ফেব্র"য়ারি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে। আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকারী স্থানীয়রা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে গত ৩১ জানুয়ারি। ওই সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত। ওই ঘটনায় পুলিশ তিনটি মামলা করে যার আসামি ছিল ১৮ হাজার। একই ঘটনায় গত ১ ফেব্র"য়ারি খালেদা জিয়াকে প্রধান আসামি করে মুন্সীগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। ওই মামলায় আরো তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭১০ ঘ.