ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় প্রধানমন্ত্রীকে সঠিকভাবে জানানো হয়নি মন্তব্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রায় অনুযায়ী আগামী দুই নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনেই করা যেতে পারে।
বুধবার সুপ্রিম কোর্টে নিজের কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মাহবুব হোসেন বলেন , "সুপ্রিম কোর্ট বলেছে- সংসদ চাইলে আরো দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তবে এই বিষয়টি প্রধানমন্ত্রীকে সঠিকভাবে জানানো হয়নি।"
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার আর সুযোগ নেই।
তবে বিরোধীদল সমর্থক প্যানেল থেকে বারের সভাপতি নির্বাচিত হওয়া মাহবুব মনে করেন, রাজনৈতিক দলগুলোর বিভেদ ও অবিশ্বাস বিবেচনায় এনে আগামী দুটি নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত।
তার যুক্তি, একদলীয় নির্বাচন দেশের জনগণ মানবে না।
মাহবুব বলেন, "প্রধানমন্ত্রীর কথায় মনে হয়েছে, এই ব্যবস্থা রাখার ক্ষেত্রে আইনগত বাধা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে আসলে কোনো আইনগত বাধা নেই। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে দেশকে সাংঘাতিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হবে।"
শক্তিশালী নির্বাচন কমিশন থাকলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব- শেখ হাসিনার এমন বক্তব্যের সঙ্গেও দ্বিমত পোষণ করেন বার সভাপতি।
তিনি বলেন, "নির্বাচন কমিশন এখনো শক্তিশালীই আছে। কমিশনকে তোয়াক্কা না করার বিষয়টি আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখেছি। সরকারি দলের নেতাকর্মীরা নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে কি আচরণ করেছে, সেটাও দেখেছি আমরা।"
অন্যদের মধ্যে সমিতির সম্পাদক মো. বদরুদ্দেজা বাদল ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
প্রধান বিরোধী দল বিএনপি বলে আসছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। এ ব্যবস্থা বাতিল করার প্রতিবাদে আগামী ৫ জুন হরতাল ডেকেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৭১০ ঘ.
bdnews24