াকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেট পেশের দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ থাকায় সময়সূচি পরিবর্তনের জন্য বলেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকালে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
৯ জুন বিকালে আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপসূচি রয়েছে। ওই দিন জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট পেশ হবে।
চিঠি বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের নেতারা এসেছিলেন তাদের সঙ্গে সংলাপের দিন পরিবর্তনের আবেদন নিয়ে। বিষয়টি আমরা আলাপ আলোচনার মাধ্যমে নতুন দিনক্ষণ ঠিক করব।"
সবার শেষে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করার ইঙ্গিত দেন তিনি।
"নতুন করে কোনো তারিখ পরিবর্তন করতে চাইলে সবাইকে পরিবর্তন করতে হবে। আমরা চেষ্টা করব সবার শেষে তাদের সঙ্গে সংলাপে বসতে।"
এর আগে বিকালে সংলপসূচি পরিবর্তনের জন্য কমিশনে আসেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিকের কাছে চিঠি পৌঁছে দেন।
আগামী ৫ জুন গণমাধ্যম ও বিশিষ্টজনদের সঙ্গে বসবে ইসি। এরপর ৭ জুন থেকে পর্যায়ক্রমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে তারা। ১৪ জুলাই পর্যন্ত তা চলবে।
সংলাপের আলোচ্য সূচিতে রয়েছে- সরকারি কোষাগার থেকে রাজনৈতিক দলগুলোকে অর্থ দেওয়া (জনতহবিল), ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), ইসি নিয়োগে আইন তৈরি করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অধিকতর সংশোধন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৫ ঘ.
bdnews24