খুলনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নয়, সংস্কার করা প্রয়োজন। সংবিধান কাটাছেড়া নয়, পুরো সংবিধানই পরিবর্তন করতে হবে।
মঙ্গলবার বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে জাসদ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
রব বলেন, পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন করে নির্বাচনের সময়ের জন্য সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের পরিবর্তে তা বাতিল করা হলে দেশে নির্বাচন হবে না। রাজনীতিতে মহাসুনামি নেমে আসবে।
মোড়ল আবদুস সালামের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেএসডি'র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সাবেক সংসদ সদস্য এম এ গোফরান, দবির উদ্দিন জোয়ার্দ্দার, ওয়ালী আহম্মদ পাটোয়ারী, মোহাম্মদ সিরাজ মিয়া, তৌহিদ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০১১ ঘ.
bdnews24