মুন্সীগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় একটি নির্বাচনী ক্যাম্পও ভাংচুর করা হয়।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার বালুরচর ইউপির চরবয়রাগাদি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষে গুরুতর আহত বাণু বিবিকে (৬০) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট গ্রহণ শেষ হওয়ার পর সাধারণ সদস্য প্রার্থী বাদশা মিয়া ও ছানাউল্লাহর সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়।
"তুমুল বৃষ্টির মধ্যে উভয় পক্ষের শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাদশা মিয়ার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়।"
পরে র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পাশের চরবয়রাগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট গণনা চলছে। কেন্দ্রটিতে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০৫ ঘ.
bdnews24