ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত সময়ের হয়রানির কথা স্মরণ করিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি না রাখার পক্ষে অবস্থান নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এক আলোচনা সভায় দীপু মনি বলেন, সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে। এখন সংসদেরও ক্ষমতা নেই এটিকে বহাল রাখার।
আওয়ামী লীগের দাবিতেই ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ মাসেই সর্বোচ্চ আদালতের রায়ে এ ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয়। তবে আগামী দুটি নির্বাচন এ ব্যবস্থায় করা যেতে পারে বলে রায়ে বলা হয়েছে।
এদিকে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার সুপারিশ তারা করছেন না; যদিও বিএনপি ঘোষণা দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচনে যাবে না তারা।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পক্ষে যুক্তি দেখিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, "একটি নির্বাচিত সরকারের অধীনে জনগণ ভোট প্রয়োগ করতে পারলে সমস্যা কই।"
"বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপনারাই (ব্যবসায়ী) সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছিলেন", বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানের আগেও এফবিসিসিআই সভাপতি একে আজাদ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের জন্য রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
সংবিধান সংশোধনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা বাহাত্তরের সংবিধানের প্রেরণাকে কাজে লাগিয়ে একবিংশ শতক উপযোগী সংবিধান প্রণয়ন করতে চাই। বেশিরভাগ মানুষ সম্ভাবনার কথা বললেও কিছু লোক এ নিয়ে উদ্বেগ দেখাচ্ছে।
রপ্তানি প্রবৃদ্ধি ও বাজার বিস্তার এবং আফ্রিকায় কৃষি স
bdnews24