ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানের মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে এ বৈঠক শুরু হয়। তা চলে ৭টা পর্যন্ত। এ বৈঠকের পরপরই চারদলীয় জোট শরিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন খালেদা জিয়া।
স্থায়ী কমিটির বৈঠকে সদস্যদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আরএ গনি, মির্জা আব্বাস, মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান।
সংবিধান সংশোধন কমিটি তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার সুপারিশ করবে না- এ কথা জানানোর এক দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকেন খালেদা।
প্রধান বিরোধী দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার দাবি জানিয়ে আসছে। তারা বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে নির্বাচনে যাবে না তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯১৫ ঘ.
bdnews24