ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচন শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন একশ ৩১টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনযোগ্য উপজেলায় প্রতিটিতে দুইজন করে নির্বাহী ও একজন বিচারিক হাকিম নিয়োজিত থাকছে।
৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত দ্বিতীয় দফায় এ নির্বাচন হবে।
ছহুল বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
"যে কোনো ধরনের নির্বাচনী অনিয়ম, বিশৃঙ্খলায় রিটার্নিং অফিসার কিংবা প্রিজাইডিং অফিসারদের দ্রুততম সময়ের মধ্যে সহায়তা দেবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।"
তিনি জানান, প্রথম দফায় উপকূলীয় অঞ্চলের নির্বাচনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সুফল পেয়েছি। এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দ্বিতীয় দফায় দেশের ৫৭ জেলার চারশ ১৪টি উপজেলার তিন হাজার আটশ ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা রয়েছে।
এর আগে গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় উপকূলীয় অঞ্চলের ১২টি জেলার ৭২টি উপজেলার পাঁচশ ৫৩ ইউপিতে নির্বাচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৬ ঘ.
bdnews24