ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিশেষ কমিটি সুপারিশ করবে না বলে জানিয়েছেন একাধিক সদস্য। তারা বলছেন, এক্ষেত্রে বিরোধী দলকে মত দিতে হবে।
এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই- এ কথা উল্লেখ করে সংবিধান সংশোধন কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী সোমবার সাংবাদিকদের বলেন, কমিটি এ বিষয়ে সুপারিশ করবে না।
সংবিধান সংশোধনের সুপারিশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ চার ঘণ্টার বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
রহমত আলী বলেন, "আদালত এ ব্যবস্থাকে বাতিল ঘোষণা করেছে। আদালতের রায় মেনে চলতে হবে। এক্ষেত্রে এখন আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই।
"আদালতের রায় মেনে বিশেষ কমিটি সংবিধান সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে সুপারিশ করবে না।"
কমিটির আরেক সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, "আদালত একে [তত্ত্বাবধায়ক সরকার] অবৈধ বলেছে। সুতরাং এটা থাকে কী করে।"
আগামী দুই মেয়াদে জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা বিষয়ে প্রশ্ন করা হলে শেখ ফজলুল বলেন, "দুই মেয়াদের কথা রায়ে বলা হয়নি, এটা ছিলো [আদালতের] পরামর্শ।"
বিকাল সোয়া ৪টায় সংসদ ভবনে সংসদ নেতার কক্ষে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ৮টার কিছুক্ষণ আগে। কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের কমিটির অধিকাংশই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের পর তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে কমিটির সদস্যরা এসব কথা বলেন।
কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগামীকাল [মঙ্গলবার] সকাল ১২টায় সংসদ ভবনে প্রচার কক্ষে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের আলোচনা বিষয়ে জানানো হবে।
'আমরা একা তা টেনে আনবো কেন'
অ্যাডভোকেট রহমত আলী বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত অবৈধ ও বাতিল করেছে। আদালতের রায়কে অসম্মান করা যাবে না। আমরা একা তা টেনে আনবো কেন?"
আদালতের রায়ে অবৈধ ঘোষণা হওয়ায় বিশেষ কমিটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিদ্যমান অনুচ্ছেদ ছাড়াই সংবিধান সংশোধনীর সুপারিশ করা হবে বলেন জানান তিনি।
"তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার বিষয়ে কোনো মত না এলে সংসদে বিল উত্থাপনের পর আদালতের রায় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তা বিলুপ্ত হয়ে যাবে।"
এক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পরামর্শ এসেছে বলে রহমত আলী জানান।
দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার রাখা প্রসঙ্গে তিনি বলেন, "রায় না মেনে অবজারভেশন মানবো কীভাবে আমরা।"
'বিরোধী দলকে এগিয়ে আসতে হবে'
কমিটির একাধিক সদস্য জানান, সরকার এককভাবে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সিদ্ধান্তের ঝুঁকি নেবে না। এক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনে আদালতের পরামর্শ মেনে দু'দফা রাখার বিষয়টি বিবেচনায় আনা যাবে।
কমিটির আরেক সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে হলে বিরোধী দলকে ভূমিকা রাখতে হবে।
সংবিধান সংশোধনে বিরোধী দলের মত প্রসঙ্গে ব্যক্তিগত মত হিসাবে রহমত আলী বলেন, তত্ত্বাবধায়ক রাখার বিষয়ে তাদের সুযোগ রয়েছে। তারা বিশেষ কমিটিতে বা সংসদে এসে তা বলতে পারে। সেক্ষেত্রে নতুন করে বিবেচনায় আনার সুযোগ থাকবে।
"সংসদে বিল উঠে গেলে আর সুযোগ নেই, কোনো লাভ নেই।"
সাবেক আইনমন্ত্রী ও বিশেষ কমিটির সদস্য আব্দুল মতিন খসরু বলেন, "এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার এটা একা করার ঝুঁকি নেবে না। আগামী দুই মেয়াদের জন্য প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে হতে পারে। বিরোধী দলকেই এ জন্য এগিয়ে আসতে হবে।"
সংবিধান সংশোধনে গত বছর ২১ জুলাই সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে এই সংসদীয় বিশেষ কমিটি গঠন করে সরকার।
কমিটির সদস্যরা নিজেদের মতামত গুছিয়ে কাজের অগ্রগতি জানানোর জন্য গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এরপর সংসদে প্রতিনিধিত্বকারী দল, সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী, বিশিষ্টজন ও সম্পাদকদের মতামত নেয় কমিটি।
শিগগির সংসদে সুপারিশ
দীর্ঘ আলোচনার পর পরবর্তী বৈঠকে সার্বিক সুপারিশ চূড়ান্ত করে শিগগির সংসদে উপস্থাপন করা হবে বলে জানান রহমত আলী।
তিনি জানান, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদো কাছে না দেওয়ার পক্ষে মত এসেছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকেই শক্তিশালী করা হবে। ৭০ অনুচ্ছেদ ৭২ অনুকরণে রাখার কথা এসেছে।
রাষ্ট্রধর্ম ইসলাম রেখে অন্যান্য ধর্মের সমান অধিকার, বিছমিল্লাহসহ সার্বিক বিষয়ে সুপারিশ এসেছে।
এর আগে গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রধর্ম ইসলাম, বিছমিলল্লাহ রাখার বিষয়ে ইতিবাচক মত দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৫৯ ঘ.
bdnews24