নারায়ণগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ দলীয় সাংসদের বিরুদ্ধে।
রোববার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. শহীদুল্লাহ।
উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার, সহ-সভাপতি মো. বদরুজ্জামান খসরু, চেয়ারম্যান পদপ্রার্থী বিষনন্দী ইউনিয়নের মো. আমজাদ হোসেন হানজেলা, খাগকান্দার মো. আব্দুল মতিন ভূঁইয়া, হাইজাদীর মো. ওসমান মেম্বার, ব্রাহ্মণদীর মো. শামসুল হক ভূঁইয়া, মাহমুদপুরের মো. আব্দুল গাফ্ফার ভূঁইয়া, উচিৎপুরার মো. আব্দুল হাই মোল্লা, কালাপাহাড়িয়ার মো. আব্দুল মালেক, দুপতারার মো. পারভেজ হাসান খোকন ও সাতগ্রাম ইউনিয়নের মো. আব্দুল মান্নান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৩ জুন আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্র দাখিল করার সময় আওয়ামী লীগ দলীয় সাংসদ নজরুল ইসলাম বাবু, থানা আওয়ামী লীগ সভাপতির লোকজন তাদের হুমকি ও বাধা দেয়।
এরপরও মনোনায়নপত্র জমা দিলে ফতেহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী মো. শহীদুল্লাহর সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয় লোকজনের প্রতিরোধের কারণে তিনি বেঁচে যান।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়।
এছাড়া বিএনপি সমর্থিত অন্য প্রার্থীদের হামলা, মামলা, হত্যা ও গুম করার হুমকি দেওয়া হচ্ছে।
তাই অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সেনাবাহিনী মোতায়েন এবং পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানান।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মো. নজরুল ইসলাম বাবু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, "যারা অভিযোগ এনেছেন তাদের দু'একজনকে ছাড়া আমি কাউকে আমি চিনি না। তাদের অভিযোগ সত্য নয়। স্থানীয় এমপি হিসেবে আমি নিজেও চাই এলাকায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.
bdnews24