২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষায় পেশাদারিত্ব বজায় রাখতে বললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সব শান্তিরক্ষীকে বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে তাদের বর্তমান পেশাদারিত্ব, নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সব শান্তিরক্ষীকে বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে তাদের বর্তমান পেশাদারিত্ব, নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনীয় সব সরঞ্জামসহ বাংলাদেশের সব শান্তিরক্ষী যেন আরো আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারে সে জন্য সরকারের সব প্রয়াস অব্যাহত থাকবে। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০১১ উদযাপন উপলক্ষে রোববার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। দিবস উপলক্ষে এক বাণীতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত এক লাখ ২০ হাজার সেনা, পুলিশ ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ ইন্সটিটিউট অব পীস সাপোর্ট অপারেশন ট্রেনিং প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা উন্নততর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছি। প্রশিক্ষণের মান বেড়েছে।" তিনি বলেন, "আমাদের সরকার সশস্ত্রবাহিনী এবং পুলিশের উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থাসহ বাহিনীগুলোর আধুনিকায়নে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। ফলে বাংলাদেশ আরো বেশি শান্তিরক্ষী পাঠানোর সামর্থ্য অর্জন করেছে। জাতিসংঘের সদর দপ্তর ও ফিল্ড সার্ভিসের প্রতিটি পর্যায়ে বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতে আমি ব্যক্তিগতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "তখন থেকেই বাংলাদেশ বিশ্বে একটি শান্তিপ্রিয় ও বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে।" জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণকারী দেশ হওয়ায় সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের কৃতিত্ব দিয়ে তাদের অভিনন্দন জানান শেখ হাসিনা। তিনি বলেন, "দীর্ঘ ২৩ বছরের দৃপ্ত পথ পরিক্রমায় বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বাংলাদেশ আজ বিশ্বের শ্রেষ্ঠ ও বৃহত্তম শান্তিরক্ষী দেশের আসনে অধিষ্ঠিত হয়েছে।" জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের ১১৫টি দেশের ৯৯ হাজার তিনশ ৮২ জন শান্তিরক্ষী আছেন। এর মধ্যে বাংলাদেশের ১০ হাজার পাঁচশ ৮৯ জন। এর মধ্যে একশ ৮০ জন নারী সদস্যও আছেন। শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে নিহত বাংলাদেশের একশ তিন শান্তিরক্ষীকে স্মরণ করেন শেখ হাসিনা। পাকিস্তানের শান্তিরক্ষীর সংখ্যা ১০ হাজার পাঁচশ ৮১ জন। আট হাজার পাঁচশ ১৩ শান্তিরক্ষীর নিয়োগের মধ্য দিয়ে ভারত রয়েছে তৃতীয় স্থানে। প্রধানমন্ত্রী জানান, যুদ্ধবিধ্বস্ত কঙ্গোতে অতিরিক্ত শান্তিরক্ষী পাঠানোর আহ্বানে সাড়া দিয়ে আটশ ৫০ জনের একটি পদাতিক ব্যাটালিয়ন এবং একশ ৮০ জনের একটি ইঞ্জিনিয়ার কোম্পানি মোতায়েন হয়েছে। প্রথমবারের মতো একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং একটি সি-১৩০ পরিবহন বিমান মোতায়েন হয়েছে। এবছর নিহত পাঁচজন শান্তিরক্ষীর পরিবার এবং ২০০৬-০৭ পর্যন্ত আহত ১৯ জন শান্তিরক্ষীকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। গত বছর চারজন শান্তিরক্ষীর পরিবার এবং ১৫ জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা দেওয়া হয়েছিলো। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহা-পরিদর্শক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩২ ঘ.