ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি আলোচনায় না এলে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন বলে মন্তব্য করেছেন মোহাম্মদ নাসিম।
তিনি শনিবার বলেছেন, "আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। তবে কার নেতৃত্বে হবে- তা নির্ধারণে বিএনপি আলোচনায় না এলে এবিএম খায়রুল হকই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা।"
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় নাসিম একথা বলেন।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই সদস্য বলেন, "আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব নিয়েই আমি বলছি- বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে সহযোগিতা না করলে প্রচলিত বিধি অনুযায়ী বিচারপতি খায়রুল হকই হবেন আগামী তত্ত্বাবধায়ক সরকার প্রধান।"
ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধঅনের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে সর্বোচ্চ আদালত। তবে আদালত বলেছে, আগামী দুটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত সংসদকে নিতে হবে।
বিএনপি ইতিমধ্যে বলেছে, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে দলটি নির্বাচনে যাবে না।
আওয়ামী লীগ আমলে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে খায়রুল হককে প্রধান বিচারপতি করা হয়।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়া না-হওয়া প্রসঙ্গে খায়রুল ইতিমধ্যে বলেছেন, ভবিষ্যতে কী হবে তা কেউ বলতে পারে না।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম শনিবার বলেন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে হতে পারে না। এটি কখনো সমর্থনযোগ্যও নয়। বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল। আওয়ামী লীগ তা অব্যাহত রাখতে পারে না।
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দিতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, "এতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।"
বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, দেশ ও জাতির স্বার্থে সংসদে এসে জনগণের পক্ষে কথা বলতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, "বিএনপি নেত্রী দেশের রাজনীতি নিয়ে বিদেশের মাটিতে বক্তব্য দিচ্ছেন। রাষ্ট্র ক্ষমতায় যেতে অন্য দেশের কর্মকর্তাদের কাছে কাকুতি-মিনতি করছেন। বিদেশি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন। এর থেকে লজ্জাকর ও নির্লজ্জ হীনমন্যতা হতে পারে না।"
তিনি বলেন, দেশে কোনো সামরিক সরকার নেই যে বিদেশিদের কাছে গিয়ে অভিযোগ জানাতে হবে। নির্বাচিত সরকার ও সংসদ থাকা সত্ত্বেও খালেদা জিয়া বিদেশে মিথ্যাচারের মাধ্যমে দেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৪৮ ঘ.
bdnews24