ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের সুপারিশ চূড়ান্ত করতে বিশেষ কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির বৈঠক করবে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত শনিবার সাংবাদিকদের বলেন, চলতি সংসদ অধিবেশনেই সংশোধনীর সুপারিশ পেশ করা হবে।
আদালতের রায়ের আলোকে বিশেষ কমিটির কাছে আসা সব মতামত শনিবার পর্যালোচনা করা হয়েছে জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সুপারিশ চূড়ান্ত করার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আবার বসতে চাই। কবে বসবো তা প্রধানমন্ত্রীর সময় নিয়ে তারপর জানাবো।"
সুরঞ্জিত জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিশেষ কমিটির সদস্যরা নিজেরা আরেকটি বৈঠক করে সংসদে উত্থাপনের জন্য প্রতিবেদন তৈরি করবে।
সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বৈঠক চলে।
সংসদ ভবনে সংবিধান সংশোধনের খসড়া প্রতিবেদন নিয়ে কমিটির ২৬তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
সংসদ ভবনের প্রচার কক্ষে ওই ব্রিফিংয়ে সুরঞ্জিত আরো জানান, বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের বাইরে বিভিন্ন মহল থেকে যেসব সুপারিশ এসেছে তা থেকে ৪৮টি বিবেচনা করছেন তারা। সুপারিশগুলোর প্রতিটি অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিশেষ কমিটিতে কী আলোচনা হয়েছে জানতে চাইলে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান বলেন, "এটা নিয়ে আমরা এগোচ্ছি। সে ব্যাপারে কী করা যায়-তা নিয়ে আলোচনা চলছে।"
কমিটি এক্ষেত্রে মৌলিক কোনো মৌলিক পরিবর্তন করবে না জানিয়ে সুরঞ্জিত বলেন, আমরা চাই- একটা নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের হাতে যেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৭৪৬ ঘ.
bdnews24