২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচার বিভাগীয় মৃত্যুদণ্ডের প্রতিবাদ করেন না কেন'

র‌্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ হলেও বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড নিয়ে কেন তা হয় না সে প্রশ্ন তুলেছেন সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ময়মনসিংহ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ হলেও বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড নিয়ে কেন তা হয় না সে প্রশ্ন তুলেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল বৃহস্পতিবার বলেন, সভ্যতার অন্যতম স্তম্ভ হলো আইন। তবে বিচার কোনো সময়ই প্রতিশোধ নয়। তিনি মৃত্যুদণ্ডের বিরোধী- এ কথা উল্লেখ করে সৈয়দ আশরাফুল বলেন, "ব্যক্তিগতভাবে আমি সবসময় বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করি, একইভাবে বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড নিয়েও বিরোধিতা করি।" বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির বহুতলবিশিষ্ট 'শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে'র ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "র‌্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ হচ্ছে। কিন্তু আপনারা কেন বিচার বিভাগীয় মৃত্যুদণ্ডের প্রতিবাদ করেন না? আমি কোনো মৃত্যুদণ্ডের পক্ষেই নই, সেটা বিচারের মাধ্যমেই হোক আর বিচার-বহির্ভূতই হোক।" ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্মাধীন ভবনের কাজ সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয় তিনি সে আশাবাদ প্রকাশ করেন। আইনজীবীদের বিভিন্ন দাবী-দাওয়া পূরণেরও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, অধ্যক্ষ মতিউর রহমান, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/পিডি/২২০৪ ঘ.