২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন সংবিধান চলছে, কেউ জানে না: ফখরুল

দেশে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়েছে দাবি করে এ জন্য সরকারকেই দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়েছে দাবি করে এ জন্য সরকারকেই দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা কি ১৯৭২ সালের সংবিধানে আছি, নাকি চতুর্থ সংশোধনীর আওতায় বাকশালী শাসন ব্যবস্থার সংবিধানে আছি, তা আমরা কেউই জানি না।" বিচার বিভাগকে দলীয়করণ করে বর্তমান সরকার দেশে সাংবিধানিক সঙ্কট তৈরি করেছে বলে অভিযোগ করেন ফখরুল। বিভিন্ন দলের নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ফখরুল আরো বলেন, সরকার অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এ যোগদান অনুষ্ঠান প্রমাণ করে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। টাঙ্গাইলের সখীপুর পৌরসভার সাবেক মেয়র কৃষক শ্রমিক জনতা লীগের নেতা সানোয়ার হোসেন সজীব, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গফুর, পৌরসভার সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান মিল্টনের নেতৃত্বে বাসাইল-সখীপুরের পাঁচ শতাধিক নেতা-কর্মী ফখরুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের দুর্ভোগের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "মানুষ অন্ধকারে দিনযাপন করছে। দ্রব্য ও পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ সরকারের কোনো মাথা ব্যথা নেই।" সরকারের ব্যর্থতায় দেশের অর্থনীতি, প্রশাসনসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে, বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আহমেদ আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা। অনুষ্ঠানে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবদুল হক আল আজাদ, সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিলি আখতার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪২৫ ঘ.