ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের ঘটনায় দায়ের করা আটটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ড্যাব নেতা এজেডএম জাহিদ হোসেনকে হেফাজতে চেয়ে পুলিশের করা আবেদন নাকচ করে তাকে জামিন দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন জামিনের এ আদেশ দেন। এর মধ্যে সাতটিতে তাকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে। একটিতে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেয়েছেন ডা. জাহিদ।
পুলিশ আটটি মামলার প্রতিটিতে জিজ্ঞাসাবাদের জন্য জাহিদকে সাত দিন হেফাজতে চেয়ে আবেদন করেছিলো। তবে এতে আদালতের সায় মেলেনি।
রোববার রাতে গ্রেপ্তারের পর সোমবার জাহিদকে আদালতে হাজির করে পুলিশ। তার উপস্থিতিতেই জামিন ও রিমান্ডের আবেদনের শুনানি হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাহিদকে তেজগাঁওয়ের নাখালপাড়ায় নির্মাণাধীন ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের পাইলিংয়ের সময় ধসের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বিএমএ'র সাবেক মহাসচিব জাহিদ ওই হাসপাতালের মালিকদের একজন।
তবে বিএনপি বলছে, নাখালপাড়ায় ভবন ধসের ঘটনা 'ছল' মাত্র, বরং সরকারবিরোধী আন্দোলনে পেশাজীবীদের সংগঠিত করায় ড্যাব মহাসচিব জাহিদকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬০০ ঘ.
bdnews24