ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছিটমহলবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে ভারতীয় ভূখণ্ড ব্যবহারের অনুমতি চাইছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোটের আগে-পরে তিন দিন ছিটমহলে অবাধে যাতায়তে অনুমতি চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাই কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, "লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলার ছিটমহল সংশ্লিষ্ট ইউনিয়নগুলোয় ভোটারদের আসা-যাওয়াসহ নির্বাচনী কার্যক্রমের সুবিধার জন্য এ সহযোগিতা চাওয়া হচ্ছে।"
চলতি সপ্তাহেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাই কমিশনে এ অনুরোধপত্র পাঠানো হবে বলে জানান তিনি।
ভারতের সীমানার ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। এর মধ্যে কয়টি ছিটমহলের ভোটার ইউপি নির্বাচনে ভোট দিতে পারবে- সে তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি এই নির্বাচন কমিশনার।
তবে ইসি কর্মকর্তারা বলছেন, ৫১ ছিটমহলের মধ্যে আঙ্গুরপোতা ও দহগ্রামে গিয়ে কিছু ভোটারকে তালিকাভুক্ত করা সম্ভব হয়েছে। বাকি সব ছিটমহলের ৫ হাজারের বেশি ভোটার পাশ্ববর্তী ইউনিয়নে গিয়ে তালিকাভুক্ত হয়েছেন।
বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে কয়েক কিলোমিটার দূরে হওয়ায় ভোটাররা যাতে পাশের ইউপিতে অবাধে যাওয়া-আসা করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই সহযোগিতা চাওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানান।
আগামী ২, ৫, ৮, ১১ ও ১৩ জুন কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার উপজেলাগুলোতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা।
ইসি সচিবালয়ের পৌর ও পল্লী শাখার একজন কর্মকর্তা জানান, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ছয় ইউনিয়নে (বাউরা, শ্রীরামপুর, কুচলঊড়ী, জোংড়া, পাটগ্রাম, জগতবেড়) ২৯টি ছিটমহল ও আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন সংশ্লিষ্ট দুটি ছিটমহল রয়েছে।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ছয়টি ইউনিয়নের (পাথরডুবি, তিলাই, জয়মনিরহাট, শিলঘুড়ি, নাওডাঙ্গা ও ফুলবাড়ি) সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে ২০টি ছিটমহল।
এসব ছিটমহলের পাঁচ লাখেরও বেশি মানুষের বসবাস বলে ইসি কর্মকর্তাদের ধারণা।
আগামী ৩১ মে থেকে ৫ জুলাই দ্বিতীয় পর্যায়ের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২৩৪০ ঘ.
bdnews24