ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করতে কমিশনার নিয়োগ পদ্ধতি ও আলাদা বাজেট প্রণয়নসহ চারটি বিষয়ে সংস্কার প্রয়োজন বলে মনে করেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
রোববার ইসি সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হলে কমিশনার নিয়োগের একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। নির্দিষ্ট আইনের মাধ্যমে কমিশনার নিয়োগ না করলে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না।"
আইনগতভাবে নির্বাচন কমিশনার নিয়োগ হলে বিতর্কের কোনো সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্র"য়ারিতে শেষ হচ্ছে।
এম সাখাওয়াতের দ্বিতীয় সুপারিশ হলো- তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র, জন প্রশাসন, স্থানীয় সরকার ও অর্থ মন্ত্রণালয়কে ইসির পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। আর এটা নিশ্চিত করতে হবে আইন করে।
নির্বাচন কমিশনের অর্থনৈতিক স্বাধীনতার জন্য আলাদাভাবে বাজেট বরাদ্দ অপরিহার্য বলেও মত দেন তিনি।
এই নির্বাচন কমিশনার মনে করেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত ইসির কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার ওপর আইনি নিষেধাজ্ঞা দরকার। ভারতে এ ধরনের ব্যবস্থা চালু আছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ৭ এপ্রিল সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে তিনটি প্রস্তাব পাঠায় নির্বাচন কমিশন। তবে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এসব বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।
ইসি চাইলে গণপ্রতিনিধিত্ব আদেশেই এ সংক্রান্ত পরিবর্তন আনতে পারে বলে মত দিয়েছেন সুরঞ্জিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২১১৮ ঘ.
bdnews24