ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান অভিযোগ করে বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের সর্বত্রই ক্ষমতাসীন দলের ক্যাডাররা প্রতিপক্ষ প্রার্থীদের ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে।
তিনি বলেন, এ ছাড়াও আওয়ামী লীগ কর্মীরা পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে।
রোববার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনের অবস্থা তুলে ধরতে গিয়ে এই অভিযোগ করেন।
আমান বলেন, "ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ক্যাডাররা প্রতিপক্ষ প্রার্থীদের গণসংযোগ ও উঠান বৈঠক করতে দিচ্ছে না। তাদেরকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।''
আগামী ৪ ও ৭ জুন কেরানীগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচনে ভোটগ্রহণ হবে।
জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ ব্রিফিংয়ে কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। নির্দলীয় প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তারানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিনু।
স্থানীয় সাবেক সাংসদ আমান উল্লাহ আমান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় ঘোষণা করা হলেও ক্ষমতাসীনরা তা মানছে না। তারা কেরানীগঞ্জের সব ইউনিয়নে নির্দলীয় প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। গণসংযোগে বাধা দিচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে।
লিখিত বক্তব্যে প্রার্থীদের নিরাপত্তা বিধান, ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবি জানানো হয়।
প্রার্থীদের মধ্যে কেরানীগঞ্জের হযরত ইউনিয়নের আমিনুল হক হিরু, রুহিতপুর ইউনিয়নের হাজী মো. শাহজাহান, কালিন্দি ইউনিয়নের হাজী শামসুল হক লিটন, কলাতিয়া ইউনিয়নের শাহাবুদ্দিন, শান্তা ইউনিয়নের মো. সুলতান খান ও শামছুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৭০৭ ঘ.
bdnews24