রংপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি অযৌক্তিক। কারণ, দেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি যার জন্য মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।
শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি গণতান্ত্রিক দেশের জন্য ভালো ব্যবস্থা নয়। কারণ, ওরা জনগনের ম্যান্ডেট নিয়ে আসে না। তারা দেশ শাসন করবে, নির্বাচন পরিচালনা করবে, এটা হতে পারে না।
"আমি বরাবরই বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত নয়", বলেন তিনি।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী অবহেলিত রংপুরের উন্নয়নের জন্য কাজ শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে রংপুরে ১৯টি প্রকল্পের কাজ শুরু করার পর্যায়ে রয়েছে। আশা করি রংপুরের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
এর আগে এরশাদ আনুষ্ঠানিকভাবে ৩২ তম বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য টিপু মুন্সি, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক বিএম এনামূল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৬ ঘ.
bdnews24