ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফখরুদ্দীন আহমেদ ও মইন উ আহমেদের সঙ্গে গত নির্বাচনের আগে এইচটি ইমাম বৈঠক করেছেন বলে খালেদা জিয়ার তোলা অভিযোগ প্রমাণের দাবি জানিয়েছেন ইমাম।
প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম শনিবার বলেন, লন্ডনে তার দলীয় কর্মীসভায় খালেদা জিয়া বলেছেন, '২০০৮ সালে নির্বাচনের আগ মুহূর্তে কক্সবাজারে ফখরুদ্দিন, জেনারেল মঈন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচটি ইমামের গোপন বৈঠক হয়েছিল। বিদেশি শক্তির পরামর্শে ওই বৈঠকেই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত হয়। আমরা জানতাম এই নির্বাচনে আমাদের হারানো হবে। তবুও মঈনের সরকারের চেয়ে ষড়যন্ত্রের নির্বাচন হলেও একটি নির্বাচিত সরকার ভাল-এই কথা মনে রেখে আমরা ২০০৮ সালের নির্বাচনী ফলাফল মেনে নিয়েছিলাম।'
খালেদার ওই বক্তব্যের উদ্ধৃতির পর ইমাম বলেন, "বিরোধীদলীয় নেতা প্রমাণ করুন, আমি ২০০৮ সালে কখন কক্সবাজারে গিয়েছিলাম? বৈঠকই-বা হয়েছিল কোথায়? কোন দিন, কখন? প্রমাণ করতে না পারলে দেশবাসীর কাছে তাকে ক্ষমা চাইতে হবে।"
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা।
এইচটি ইমাম অভিযোগ বলেন, বিরোধীদলীয় নেতা লন্ডনে দলীয় নেতা-কর্মীদের সভায় বিগত তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনী, আওয়ামী লীগ ও আমাকে জড়িয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছেন। এছাড়া তিনি গণমাধ্যম সম্পর্কেও বিষোদগার করছেন।
"বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও কল্পকাহিনীতে পূর্ণ এই বক্তব্যের জবাব দান এবং প্রকৃত সত্য দেশবাসীর সামনে খুলে বলা দরকার।"
এইচটি ইমাম বলেন, "গত চারদলীয় জোট সরকারের আমলে নিজেদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে খালেদা জিয়া কক্সবাজার চক্রান্তের এই আষাঢ়ে গল্প সাজিয়েছেন।"
বিরোধী দলের চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের মধ্যবর্তী নির্বাচনের শর্তে সংসদে যাওয়ার প্রস্তাব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "তাদের সংসদে নিতে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে- এটা কোন যুক্তিয্ক্তু কথা নয়।"
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূহ উল আলম লেনিন, উপ দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯১৬ ঘ.
bdnews24