ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে অনুমোদিত সংবিধানের কোনো বিষয় বাতিল করার আদালতের এখতিয়ার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তর্কে জড়িয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ ও বিএনপি নেতা নাজমুল হুদা।
শনিবার সিনেট ভবনে আয়োজিত সভায় সুপ্রিম কোর্টের এ দুই আইনজীবীর মূল তর্কটা বাঁধে সামরিক শাসনামলে জারি করা আইনের বৈধতা নিয়ে।
বিএনপির সহসভাপতি হুদা বলেন, "সংবিধান পরিপন্থী কোনো আইন হলে তা বাতিলের এখতিয়ার উচ্চ আদালতকে দেওয়া হয়েছে। যেখানে সামরিক আমলের সংশোধনী সংসদের মাধ্যমে সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে, তা বাতিলের এখতিয়ার হাইকোর্টের কীভাবে থাকতে পারে?"
পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায় নিয়ে এ কথা বললেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুদা।
হাইকোর্ট নাজমুল হুদার দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জারি করা সব সামরিক ফরমান অবৈধ ঘোষণা করে, যা সর্বোচ্চ আদালতও বহাল রেখেছে। একই পরিণতি ঘটেছে এইচএম এরশাদের সামরিক শাসনের বেলায়ও।
নাজমুল হুদার বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, "সংবিধানের কোথাও সামরিক আইনের কথা বলা নেই। ফলে সব সংসদ সদস্য মিলে যদি সামরিক শাসন জারি অথবা এটাকে বৈধ ঘোষণা করে, তা সংবিধানসম্মত হতে পারে না।"
"এ কারণে সামরিক আইনকে অবৈধ বলার এখতিয়ার উচ্চ আদালতের রয়েছে", বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি শফিক।
তিনি বলেন, সামরিক শাসনের মাধ্যমে সংবিধানের মৌলিক স্তম্ভবিরোধী কাজ করে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তা পাস করিয়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। তাই ওটা বাতিলের এখতিয়ার অবশ্যই সুপ্রিম কোর্টের রয়েছে।
এর আগে নাজমুল হুদা তার বক্তব্যে অভিযোগ করেন, রায়ের ক্ষেত্রে সরকার আদালতকে প্রভাবিত করেছে।
তিনি বলেন, "প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নিয়োগ দিয়ে সরকার নিজস্ব যোগসাজশে পঞ্চম সংশোধনী আর সপ্তম সংশোধনীকে বাতিল করিয়েছে। যা তারা রাজনৈতিকভাবে করতে পারবে না, তা উচ্চ আদালতের মাধ্যমে করেছে।"
অন্যান্য দেশের তুলনায় দেশে মত প্রকাশের স্বাধীনতার চিত্র নিয়ে ওই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্র্যাকটিক্যাল মাল্টিমিডিয়া স্টাডিজ (সিপিএমএস)।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হকের সভাপতিত্বে এতে মূলপ্রবন্ধ পড়ে শোনান নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ক্রিস্টিয়ান স্ক্যার ওরগারেট।
আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক হারুণ-অর-রশিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এ জেড এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24