ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের ক্ষেত্রে একতরফা কোনো কাজে সায় না দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি শনিবার বলেছেন, "বিরোধী দলের সঙ্গে সমঝোতা ছাড়াই সংবিধান সংশোধন করা হচ্ছে একতরফাভাবে। তাই রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো- তিনি দলীয় নন, দেশের রাষ্ট্রপতি হিসেবে একতরফাভাবে সরকারি দল যেন সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল না করে- সে জন্য ভূমিকা রাখবেন।"
রোববার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের নবম অধিবেশনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করবে। সরকারি দলের আহ্বান সত্ত্বেও সংবিধান সংশোধনের এ প্রক্রিয়ায় বিএনপি নিজেদের যুক্ত করেনি। আগামী অধিবেশনের শুরুতেও যোগ না দেওয়ার কথা ইতোমধ্যে জানিয়েছে বিরোধী দল।
আদালত বাতিল করার পর তত্ত্বাবধায়ক সরকারের নতুন 'মডেল' খুঁজতে সংসদে এসে সহযোগিতা করার জন্য শুক্রবার বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
এর জবাবে বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, "সংসদে অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য নোটিস দিয়েছিলাম। কিন্তু কোনোটিই গ্রহণ করা হয়নি। যেখানে জনগণের গুরুত্বপূর্ণ সমস্যার বিষয়ে কথা বলা যায় না, সেখানে সংবিধান সংশোধন নিয়ে কীভাবে কথা হবে।"
সংসদে বিরোধী দল আর যাবে কি না- তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে বলে জানান তিনি। টানা ৭৪ দিন বর্জনের পর সংসদের অষ্টম অধিবেশনে ফিরেছিলো বিএনপি। তবে অধিবেশনের শেষ দিনে ওয়াকআউট করেছিলো তারা।
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে মিলন হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। ওই কর্মসূচিতে অংশ নিয়ে সংসদে ফেরা ও সংবিধান সংশোধনের বিষয়ে কথা বলেন ফারুক।
মানববন্ধনে অংশ নেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভানেত্রী শ্যামা ওবায়েদ, সহসভাপতি আবুল হোসেন, মঞ্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
সীমান্তে বাংলাদেশি হত্যার সমালোচনা করে ফারুক বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশিরা মারা পড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২২৫ ঘ.
bdnews24