২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগকে 'ধর্ম ব্যবসায়ী' বললেন আমিনী

ক্ষমতাসীন আওয়ামী লীগ 'ধর্ম ব্যবসায়ী দল' বলে দাবি করেছেন ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ 'ধর্ম ব্যবসায়ী দল' বলে দাবি করেছেন ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী। তিনি বলেছেন, "আওয়ামী লীগই ধর্মব্যবসায়ী। কারণ তারা কোরআন-সুন্নাহ বিরোধী নারী নীতি ও শিক্ষা নীতি প্রণয়ন না করবে বললেও তা করেছে।" বৃহস্পতিবার রাজধানীর লালবাগে দলীয় কার্যালয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে এলে এ কথা বলেন তিনি। আমিনী বলেন, "ফতোয়া বহাল রাখা নিয়ে আন্দোলনে প্রথম শাহাদত হয় ব্রাহ্মণবাড়িয়ার ছয় কর্মী। তাদের শাহাদতের বদৌলতেই আন্দোলন চাঙা হয়। সর্বশেষ আন্দোলনের মুখে ইসলামবিরোধী ধর্ম নিরপেক্ষ সরকার ফতোয়া বহাল রাখতে বাধ্য হয়েছে।" দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, "এর মূল কারণ, এদেশে ইসলামি আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন দিন দিন শক্তিশালী হচ্ছে। "আমরা সারা দেশের নবীআদর্শের প্রেমিকদের নিয়ে বাংলাদেশকে মহানবীর আদর্শে কল্যাণকর রাষ্ট্র বানাতে চাই। রবীন্দ্রনাথ বা অন্য কোনো অমুসলিমের আদর্শে দেশ গড়তে দেওয়া হবে না।" সাক্ষাতে দলের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব, ঢাকা মহানগর সভাপতি আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০৩৯ ঘ.