২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসন বিকেন্দ্রীকরণে প্রয়োজন জেলা বাজেট: মুহিত

জেলা বাজেটের মাধ্যমে জনপ্রশাসনের বিকেন্দ্রীকরণ সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা বাজেটের মাধ্যমে জনপ্রশাসনের বিকেন্দ্রীকরণ সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার 'জাতীয় বাজেট ও উত্তর বঙ্গের উন্নয়ন' শিরোনামের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারকে ৪০টির মতো বিষয় নিয়ে কাজ করতে হয়। এর মধ্যে ১৭ থেকে ১৮টি জেলা প্রশাসনের পক্ষেই করা সম্ভব।" বিষয়টিতে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। মুহিত বলেন, গঙ্গা বাধের যাবতীয় বিষয় যাচাই করে দেখা হচ্ছে এবং আশা করা হচ্ছে তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে শিগগিরই একটি চুক্তি হবে। আলোচনা সভায় চলতি বছরের জুনের আগে জাতীয় কয়লানীতি চূড়ান্ত করা সম্ভব নয় বলেও জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "অংশীদারদের তরফ থেকে চাপ থাকলে এ নীতি দ্রুত করা সম্ভব।" ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের কয়লানীতি শিগগিরই চূড়ান্ত করা উচিত। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বাজেটে নিরপেক্ষ ও সমান বরাদ্দের দাবি জানিয়ে বলেন, "প্রশাসন মাত্রাতিরিক্ত কেন্দ্রীভূত হয়ে পড়েছে। প্রাদেশিক কাঠামোই সরকারকে এ থেকে বিকেন্দ্রীকরণমুখী হতে সহায়তা দিতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/১৭৪১ ঘ.