নোয়াখালী, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়ায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই মঙ্গলবার সকাল থেকে হরতাল পালিত হচ্ছে। উপজেলা সদরসহ আশপাশের এলাকায় বন্ধ রয়েছে দোকানপাট, যান চলাচল ও অফিস-আদালত।
স্থানীয় লোকজন ও আওয়ামী লীগ নেতৃত্ব বলছে, ছাত্রলীগ এ হরতাল ডেকেছে। তবে ছাত্রলীগ বলছে, তারা ডাকেনি।
ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এবং পৌর মেয়রসহ কয়েকজন ছাত্রলীগ নেতা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে গতকাল (সোমবার) রাতে মাইকিং করে ছাত্রলীগ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে, হরতাল নয়।"
কারা এ হরতাল ডেকেছে তা তিনি জানেন না বলে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক।
রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পৌর মেয়রসহ উভয় পক্ষের ১৬ নেতাকর্মী আহত হয়। তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় ইন্ধন দেওয়ার জন্য আওয়ামী লীগের এক পক্ষ স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমকে দায়ী করেন। আজিম এই অভিযোগ অস্বীকার করেন।
সোমবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থকরা সংসদ সদস্য ফজলুল আজিমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করে তার সমর্থকরা।
উভয় ঘটনায় জের ধরে স্থানীয় প্রশাসন উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ওয়ালিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক দল সন্ত্রাসী রাতে শহরে মাইকিং করে হরতাল আহ্বান করে। প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীদের ডাকা হরতাল পালিত হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে মানুষ রাস্তায় গাড়ি বের করতে পারছে না।"
হরতালের জন্য তিনি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীকে দায়ী করেন।
হরতাল দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে দুপুরে হাতিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওয়ালিউল্লা।
এদিকে সরকারি ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও অফিস আদালত বন্ধ রয়েছে দ্বীপ উপজেলা হাতিয়ায়।
মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্ট্রিফোর ডটকমকে বলেন, "গত রোববারের হামলার প্রতিবাদে ছাত্রলীগের আহ্বানে এই হরতাল পালিত হচ্ছে।"
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-আর-রশীদ জানান, "উপজেলা সদরে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও একটি পক্ষ হরতাল পালন করছে।"
নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম বলেন, "হাতিয়ায় এখনো ১৪৪ ধারা জারি রয়েছে। পুলিশের অগোচরে হরতালকারীরা মাঝেমধ্যে রাস্তায় পিকেটিং করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫০০ ঘ.
bdnews24