২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আন্দোলনের নামে বিশৃঙ্খলা প্রতিহত করবে আ. লীগ'

আন্দোলনের নামে 'বিশৃঙ্খলা' সৃষ্টি করা হলে তা প্রতিহত করতে আওয়ামী লীগ রাস্তায় নামবে বলে জানিয়েছেন মাহাবুব-উল-হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের নামে 'বিশৃঙ্খলা' সৃষ্টি করা হলে তা প্রতিহত করতে আওয়ামী লীগ রাস্তায় নামবে বলে জানিয়েছেন মাহাবুব-উল-হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেছেন, "আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই- আন্দোলনের নামে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সরকার বসে থাকবে না। প্রয়োজন হলে আওয়ামী লীগও রাস্তায় থাকবে।" শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকালে মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় মাহাবুব-উল-আলম হানিফ এ সব কথা বলেন। তিনি বলেন, "যুক্তরাজ্যে খালেদা বলেছেন, 'এখান থেকে আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনবো।' তার এই বক্তব্যে হাসি ছাড়া আর কিছুই বলার নেই। খালেদা জিয়ার আন্দোলনের স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।" "আওয়ামী লীগ জানে আন্দোলন কী। ২০০৬ সালে আমরা আন্দোলন করেই আপনাদের মসনদ চুরমার করে দিয়েছিলাম।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিতেই বিরোধী দল ষড়যন্ত্র করছে। উন্নয়ন বাস্তবায়ন হলে জনগণ আর বিরোধী দলের দিকে ফিরেও তাকাবে না। "শত্র"রা সজাগ। তারা শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। যে কোনো অবস্থা মোকাবেলা করার জন্য তৈরি থাকতে হবে।" যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আযম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৩৯ ঘ.