ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবর্তী নির্বাচনের আন্দোলনে জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ব্যর্থ ও নতজানু সরকারের ক্ষমতা ছেড়ে দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। তাই মধ্যবর্তী নির্বাচনের আন্দোলনে জনগনকে ঐক্যবদ্ধ করে তাদের পদত্যাগে বাধ্য করতে হবে।"
নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ফারাক্কা দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফারাক্কা বাঁধ নির্মাণে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের কারণ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, "পানির অভাবে দেশের উত্তরাঞ্চল মরুভূমি হয়ে গেছে। মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। ভারতে বিভিন্ন নদীর উৎসস্থলে ব্যারেজ ও বাধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।"
তিনি অভিযোগ করেন, ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্থ হবে। বোরাক নদীতে টিপাইমুখে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে মেঘনা অববাহিকার অঞ্চলের ৩ কোটি মানুষের জীবন বিপন্ন হবে। জীববৈচিত্র বিনষ্ট হয়ে যাবে।"
ভারতের এসব কর্মকাণ্ডের পরও সরকারের নিরব ভূমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি করছে। ট্রানজিট দিয়েছে। চড়া সুদে ঋণ নিচ্ছে। দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।"
এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কৃষক দলের সাধারণ সম্পাদক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদি আহমেদ রুমী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সহসভাপতি এম এ তাহের মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৪৯ ঘ.
bdnews24