নোয়াখালী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের দুই পক্ষের হানাহানির কারণে ১৪৪ ধারা জারি থাকার মধ্যেই হাতিয়ায় স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের বাড়িতে হামলা হয়েছে।
হামলার জন্য আজিম আওয়ামী লীগের একটি অংশকে দায়ী করলেও সরকারি দলের নেতারা তা প্রত্যাখ্যান করেছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
রোববার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী ও ওয়ালীউল্লাহর অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পৌর মেয়রসহ ১৫ জন আহত হন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলীর অভিযোগ, ওয়ালীউল্লাহর সমর্থকদের ইন্ধন দেন সংসদ সদস্য আজিম। তবে আজিম সে অভিযোগ নাকচ করেন।
সংসদ সদস্য আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলীর সমর্থকরা জলদস্যু মুন্সীয়ার বাহিনীর ক্যাডারদের দিয়ে আমার বাড়িতে অতর্কিতে হামলা চালায়। আমি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।"
হামলায় তার প্রায় ১০ সমর্থক আহত হয়েছে বলে আজিম জানান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫১ রাউন্ড রবার বুলেট ছোড়ে এবং কাঁদানে গ্যাস ছোড়ে।
নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফম নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া ও লাঠিচার্জ করা হয়েছে।
পরিস্থিতির উন্নতি না হওয়ায় উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
এএসপি বলেন, "হাতিয়ায় এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সকালেই জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।"
রোববারের সংঘাতের পর রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশীদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ নিয়ে তিনি এখন ঘটনাস্থলে অবস্থান করছেন।
আজিমের অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে দলের নেতাকর্মীরা মেয়রকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। আজিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার লোকজন আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর গুলি চালায় ও ইট-পাটকেল নিক্ষেপ করে।"
তিনি দাবি করেন, এ সময় অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এক সময়ের জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী বলেন, "রোববারের হামলায় ফজলুল আজিম উপজেলা চেয়ারম্যান ওয়ালীউল্লাহর সমর্থকদের ইন্ধন দিয়েছেন।"
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে সংসদ সদস্য ফজলুল আজিম বলেন, "আমি আগে বিএনপি করতাম। তারা আওয়ামী লীগ করে। আমি কেন তাদের অভ্যন্তরীণ কোন্দলে ইন্ধন দিতে যাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24