২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ১০

ঢাকার সাভারে নির্বাচনী প্রচারণাকারীদের উপর হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 07:19 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

সাভার, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে নির্বাচনী প্রচারণাকারীদের উপর হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে আমিনবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আব্দুল হাই আলীর নির্বাচনী প্রচারনায় এ হামলা হয়। পরে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। স্বেচ্ছাসেবক লীগ নেতারা এ হামলার জন্য বিএনপি সমর্থিত চেয়ারম্যান হাজী কফিল উদ্দিনকে দায়ী করছেন। আহতরা হলেন- উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, কর্মী মাহফুজুর রহমান, অখিল উদ্দিন, শ্যামল, কবিরাজ, রবিনসহ অন্তত ১০ জন। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আব্দুল হাই আলীর নির্বাচনী প্রচারনায় আমরা বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছিলাম। রাত সাড়ে ৮টার দিকে আমিবাজারের দেওয়ানবাড়ী এলাকায় বিএনপির বেশকিছু লোক লাঠিসোঠা নিয়ে আমাদের উপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, সাভার থানা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান হাজী কফিল উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আব্দুল হাই আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান চেয়ারম্যান কফিল উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় তিনি মামলা দায়ের করবেন বলে জানান। এদিকে সাভার থানা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান হাজী কফিল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়ে তিনি লোকজন নিয়ে মারামারি থামিয়েছেন। কারা হামলা করেছে তা তিনি জানেন না। সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান হামলার কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৬ ঘ.