২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জোর করে আবার ক্ষমতায় যেতে সংবিধান সংশোধন'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জোর করে আবার ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জোর করে আবার ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করছে। শনিবার বিকালে এক আলোচনা সভায় মোশাররফ বলেন, "আদালতের ওপর বন্দুক রেখে সরকার সব কিছু করছে। জোর করে আবার ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের মাধ্যমে বাতিল করা হয়েছে। উদ্দেশ্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া।" জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে নাগরিক ফোরামের উদ্যোগে 'গণতন্ত্র, মানবাধিবকার ও আজকের শাসন : প্রেক্ষিত বাংলাদেশ' শিরোনামের এই আলোচনা সভা হয়। জনগণের মতামত ছাড়া সংবিধান সংশোধন দেশের মানুষ মেনে নেবে না- এ মন্তব্য করে মোশাররফ বলেন, "তা জনগনের কাছে টিকবেও না। অতীতে আওয়ামী লীগ জনগণকে তোয়াক্কা না করে গণতন্ত্র হত্যা করতে চতুর্থ সংশোধনী করেছিলো। কিন্তু জনগণের কাছে তা গ্রহণযোগ্যতা পায়নি।" সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠকে বিএনপির না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "এটি লোকদেখানো সভা। আমরা এরকম সভা যেতে পারি না।" দেশে মানবাধিকার [লঙ্ঘন] চরম পর্যায়ে পৌঁছেছে মন্তব্য করে মোশররফ বলেন, "বিচারবর্হিভূত হত্যা বেড়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল, ডোমোক্রেসি ওয়াচ ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে এসব চিত্র জোরালোভাবে প্রকাশিত হয়েছে। এই অবস্থায় দেশ চলতে পারে না।" পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন জানানোর সমালোচনা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, "এতো তাড়াহুড়া করে অভিনন্দন জানানো সঠিক হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯২২ ঘ.