বরগুনা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশ বিভাগকে আরো জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে হবে।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে আরো ৩২ হাজার লোক নিয়োগ করা হবে। পুলিশে সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
বৃহস্পতিবার সকালে বরগুনার বেতাগী উপজেলায় নবনির্মিত থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরির জন্য কমিউনিটি পুলিশ গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী।
বরগুনার পুলিশ সুপার মো. মাহাবুব হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, গোলাম সবুর টুলু, অতিরিক্ত আইজি এ কে এম শহীদুল হক, বরিশালের ডিআইজি মো. আবদুর রহিম, জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, বেতাগী উপজেলা চেয়ারম্যান এ বি এম গোলাম কবির।
বেতাগী থানা ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরগুনা সার্কিট হাউজে জেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
পরে তিনি আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলনের উদ্বোধন করেন।
এরপর তিনি পাথরঘাটায় হাজী জালাল উদ্দিন মহিলা কলেজ পরিদর্শন ও ফায়ার সার্ভিস স্টেশন ভবন উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৫৯ ঘ.
bdnews24