২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে সংবিধান কাটাছেড়া হচ্ছে'

দেশকে একটি 'অকার্যকর' রাষ্ট্রে পরিণত করতেই সরকার সংশোধনের নামে পরিকল্পিতভাবে সংবিধান 'কাটাছেড়া' করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশকে একটি 'অকার্যকর' রাষ্ট্রে পরিণত করতেই সরকার সংশোধনের নামে পরিকল্পিতভাবে সংবিধান 'কাটাছেড়া' করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে 'সংবিধান জনগণের আকাঙ্খার প্রতিফলন' শীর্ষক এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। সংবিধান সংশোধনের উদ্যোগকে 'দুরভিসন্ধিমূলক' আখ্যায়িত করে তিনি বলেন, ''মহাজোট সরকার গঠনের আগ পর্যন্ত সংবিধান নিয়ে কোনো বির্তক ছিলো না। এবার ক্ষমতায় এসেই তারা সবকিছু ভেঙ্গে তছনছ করার কাজে নেমেছে। যে আদালতের কাজ সংবিধানের ব্যাখ্যা দেওয়া, তাদের দিয়ে সংবিধান সংশোধন করানো হচ্ছে।'' ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই আলোচনার আয়োজন করে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখান করে মির্জা ফখরুল বলেন, ''আমরা আদালতের এই রায় মানি না। আদালতের এরূপ রায় জনগণ ও সংসদ মানতে বাধ্য নয়। স্পষ্টভাষায় বলে দিতে চাই- আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। সে সরকার প্রধান হবেন একজন নিরপেক্ষ ব্যক্তি। জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী কেউ নন।'' মঙ্গলবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দিয়েছে আদালত। সর্বোচ্চ আদালত আরো বলেছে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে। ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এইচএ/২১০০ ঘ.