ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জনগণকে দেওয়া সব প্রতিশ্র"তি আগামী আড়াই বছরের মধ্যে পূরণ করা হবে।
বুধবার শ্যামপুর মাদ্রাসা মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, "আমাদের আড়াই বছর গেছে, আরো আড়াই বছর বাকি আছে। আগামী আড়াই বছরে জনগণকে দেওয়া সরকারের সব প্রতিশ্র"তি রক্ষা করা হবে।"
ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, "মধ্যবর্তী নির্বাচন চাইলে সংসদে আসুন। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিন। প্রস্তাব পাস হলে নির্বাচন হবে। তা না হলে সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।"
নারী উন্নয়ন নীতি প্রসঙ্গে তিনি বলেন, "নারী নীতি কুরআন সুন্নাহ বিরোধী নয়। ষড়যন্ত্রের অংশ হিসেবে নারী নীতির বিরোধিতার নামে আমিনীকে মাঠে নামিয়েছে খালেদা জিয়া।"
সমাবেশে বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবির সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৫৮ ঘ.
bdnews24