২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক বাতিলের রায় প্রত্যাখ্যান বিএনপির

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল বর্তমান সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করবে দাবি করে এ রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল বর্তমান সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করবে দাবি করে এ রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মতে, এ রায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট আরও ঘনীভূত করবে। বিএনপি বলছে, সুপ্রিম কোর্টের এই রায় বর্তমান 'স্বৈরাচারী সরকারকে' নিজেদের ইচ্ছামতো একতরফাভাবে সুবিধাজনক সংশোধনী এনে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করবে। বুধবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় প্রসঙ্গে বিএনপির আনুষ্ঠানিক এ প্রতিক্রিয়া জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, "ত্রয়োদশ সংশোধনী বাতিলের বিষয়ে আপিল বিভাগের রায় সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে দেওয়া হয়েছে। অর্থাৎ আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে দ্বিমত ও বির্তক রয়েছে। "এতে সমাজে অস্থিরতা ও জনগনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।" নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। আপিল বিভাগ মঙ্গলবার এক রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। রায়ে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। তবে আদালত এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেয়। সর্বোচ্চ আদালত আরো বলেছে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে। 'দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ হবে' আপিল বিভাগের রায়কে স্ববিরোধী, সাংঘর্ষিক ও অসামঞ্জস্যপূর্ণ অভিহিত করে মওদুদ বলেন, "এতে জটিলতা সৃষ্টি হবে। এটি প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ প্রশস্ত করবে। যা দেশের মানুষ ও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।" স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার আপিল বিভাগের রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বলেন, "এতে সরকার প্রধানের এতোদিনের বক্তব্যের প্রতিফলন হয়েছে।" মওদুদ বলেন, "এ রায় মূলত বর্তমান স্বৈরাচারী সরকারকে নিজেদের ইচ্ছামতো একতরফাভাবে তাদের জন্য সুবিধাজনক সংশোধনী এনে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করবে। এই রায় জনগণ বা সংসদ মানতে বাধ্য নয়। "তাই গণতন্ত্র ও দেশের জনগণের বৃহত্তর স্বার্থে আদালতের এ রায় আমরা প্রত্যাখান করছি।" সাবেক আইনমন্ত্রী মওদুদ অভিযোগ করেন, আপিল বিভাগের রায় সরকারের বিভিন্ন সময়ের বক্তব্যের প্রতিফলন বলেই মনে হয়। এই রায়ের কারণে সুপ্রিম কোর্ট জনগণের কাছে বিতর্কিত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হবে বলে আমাদের আশঙ্কা। বিএনপি মনে করে, এই ধরণের কোনো জাতীয় ইস্যুতে দেশের সর্বোচ্চ আদালতের জড়িত হওয়া উচিত নয়। এই প্রশ্নের জবাবে মওদুদ বলেন, "আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পরিবর্তনের বিপক্ষে।" ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা আগেও বলেছি, এখনো বলছি, দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া অন্য কারো অধীনে নির্বাচন মেনে নেওয়া হবে না।" সংবাদ ব্রিফিঙে অন্যদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মঞ্জু, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮০৮ ঘ.

এ সম্পর্কিত আরো খবর