২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার অস্থিরতার ষড়যন্ত্র হচ্ছে: নোমান

দেশে পুনরায় ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টির 'ষড়যন্ত্র' হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। এ বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে পুনরায় ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টির 'ষড়যন্ত্র' হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। এ বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নোমান বলেন, "একদলীয় বাকশালী শাসন অথবা ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে। "আমরা বলে দিতে চাই- এতে লাভ হবে না। ব্যর্থ সরকারকে অবশ্যই পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।" ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত 'ভারতের পানি আগ্রাসন : ফারাক্কা থেকে টিপাইমুখ : আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন নোমান। দেশ পরিচালনায় বর্তমান সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন, "আড়াই বছরে তারা জনগণের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি। তারা ভারতের সঙ্গে আমাদের পানি সমস্যাসহ অমীমাংসিত কোনো সমস্যারও সমাধানে পৌঁছাতে পারেনি।" ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের কথা তুলে ধরেন সাবেক মন্ত্রী নোমান। সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া। এতে আলোচনা করেন দলেল চেয়ারম্যান জেবেল রহমান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি গোলাম মূর্তজা, বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২৫ ঘ.