ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরের প্রয়াত কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল কাজী নূরুজ্জামানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার রাত পৌনে ৯টার দিকে তিনি নূরুজ্জামানের পুরনো ডিওএইচএস'র বাসভবনে যান।
গত ৬ মে সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান বার্ধক্যজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বিএনপি চেয়ারপারসন প্রয়াতের স্ত্রী অধ্যাপক সুলতানা জামান এবং তার দুই মেয়ে নায়লা খান ও লুবনা মরিয়মের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহ-সভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫৪ ঘ.
bdnews24