চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন দাবি করেছেন, বর্তমান সরকার মইনুদ্দিন-ফখরুদ্দিনের ষড়যন্ত্রে ক্ষমতায় এসেছে।
"এ কারণে তারা জনগণকে দেওয়া কোনো ওয়াদা রক্ষা করতে পারেনি। তারা সব ক্ষেত্রেই ব্যর্থ।"
সোমবার বিকেলে নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ বলেন, সরকার শেয়ারবাজারে ধস নামিয়ে ৩৩ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়েছে।
চট্টগ্রামে ইউনিপেটুইউ'র নামে কোটি কোটি টাকা লুট করা হয়েছে উল্লেখ করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ দাবি বলেন, শেয়ারবাজার-ইউনিপেটু'র অর্থ জালিয়াতিতে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত।
"সে কারণে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।"
মধ্যবর্তী নির্বাচনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা আয়োজন করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
চট্টগ্রামের উন্নয়নে উদ্যোগ নেই
খন্দকার মোশারফ বলেন, বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নের জন্য উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের জন্য যতটি ওয়াদা করেছে তার একটিও পালন করেনি।
বর্তমান সরকার গণতন্ত্রের নামে বাকশাল প্রতিষ্ঠা করেছে দাবি করে তিনি বলেন, তারা ক্ষমতায় থাকলে গ্যাস-বিদ্যুৎ-পানি দিতে পারবে না, জনগণের কোনো সমস্যার সমাধান হবে না, গণতন্ত্রকে টিকিয়ে রাখা যাবে না।
দেশ, গণতন্ত্র ও মানুষ 'বাঁচাতে' অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান তিনি।
খন্দকার মোশারফ বিএনপি স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাদের দায়ে অভিযুক্ত হয়ে গ্রেপ্তারকৃত সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন।
আন্দোলনে প্রস্তুত চট্টগ্রাম
সমাবেশে সভাপতির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনের জন্য চট্টগ্রাম প্রস্তুত।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেন, সরকার কেবল নাম বদলের রাজনীতি আর বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনে ব্যস্ত। সবক্ষেত্রে দলীয়করণ আর দুর্নীতি।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুুরী, দক্ষিণ জেলা বিএনপি সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাংসদ মোস্তফা কামাল পাশা, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০২৪ ঘ.
bdnews24