ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত বিধির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
নির্বাচনে আংশ নিতে আগ্রহীদের ১১টি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও নূরুজ্জামানের বেঞ্চ রোববার এই আদেশ দেন।
নির্বাচন কমিশনের পরিপত্রের তৃতীয় অনুচ্ছেদ স্থগিত করার পাশাপাশি অন্য কোনো অযোগ্যতা না থাকলে আবেদনকারী ৩০ শিক্ষককে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে বলেছেন তারা।
এই বিধিনিষেধ কেন অবৈধ ঘোষণা করা হবে না- চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিস্ট ব্যক্তিদের তা জানাতে বলা হয়েছে।
গত ৪ মে নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণের ওপর বিধি-নিষেধ আরোপ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য ৩০ জন প্রার্থী মোট ১১টি রিট আবেদন করেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. বদরুদ্দোজা ও মো. গোলাম নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
মো. বদরুদ্দোজা বলেন, "হাইকোর্ট ইসির পরিপত্রের ৩ অনুচ্ছেদের কার্যকারিতা তিন মাস স্থগিত করেছেন। এটা আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। একইসঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়েছে। এর মাধ্যমে ১১রিটে মোট ৩০ জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলেন।"
শুনানিতে তিনি বলেন, ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বা"নের প্রথম পর্যায়ের ফলাফল ঘোষণা হয়ে গেছে। শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রায় একশ জন নির্বাচিতও হয়েছেন। এক্ষেত্রে অন্য এলাকার শিক্ষক-কর্মচারীদের নির্বাচনের সুযোগ না দেওয়া হবে বৈষম্যমূলক।
এর আগে হাইকোর্টের একই বেঞ্চ গত বুধবার ৪জন এবং বৃহস্পতিবার আরো ৪৮ জন শিক্ষককে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে বলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২২৩৯ ঘ.
bdnews24