২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনে 'গণপরিষদ' দাবি হুদার

সংবিধানের মৌলিক পরিবর্তন নিয়ে সৃষ্ট বির্তকের অবসানে অবিলম্বে গণপরিষদ গঠনের দাবি জানিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের মৌলিক পরিবর্তন নিয়ে সৃষ্ট বির্তকের অবসানে অবিলম্বে গণপরিষদ গঠনের দাবি জানিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বিএনপি নেতা হুদা বলেন, "সংবিধান সংশোধন শুধু বাবু সুরঞ্জিত সেনের মাথার ফসল হলে চলবে না। এখানে দেশের মানুষের আশা-আকাক্সক্ষা সম্পৃক্ত হতে হবে। তাই গণপরিষদের নির্বাচিত সদস্যরাই দেশের মৌলিক দলিল সংবিধান সংশোধন করবেন, অন্য কেউ নন।" জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে 'সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা ও সুশাসনের ভাবনা' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে 'জাগ্রত জনতা ফোরাম' নামে একটি সংগঠন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হুদা বলেন, বর্তমান সংবিধান সংশোধন নিয়ে অনেক কথা-বার্তা চলছে। সংবিধানের মৌলিক পরিবর্তনের মহাজোট সরকারের কোনো ম্যান্ডেট নেই। বর্তমান সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং সরকার ও বিরোধী দলের প্রধান হুইপের সমন্বয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেন সাবেক মন্ত্রী হুদা। তিনি বলেন, "ওই কমিটি সর্বসম্মতভাবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন। যার অধীনে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আমুল পরিবর্তনেরও দাবি জানান হুদা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রতিমন্ত্রী টি এম গিয়াস উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/২০০৮ ঘ.