ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের নবম অধিবেশনের শুরুতেই সংবিধান সংশোধন সুপারিশমালা নিয়ে প্রতিবেদন তুলে ধরবে এ সংক্রান্ত কমিটি। এ অধিবেশন শুরু হচ্ছে আগামী ২২ মে।
রাজনৈতিক দল, আইনজ্ঞ, বিশিষ্ট জন ও পত্রিকা সম্পাদকের মত শুনে রোববার নিজেদের বৈঠকের পর এ কথা জানান সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত।
প্রধান বিরোধী দল আনুষ্ঠানিকভাবে মত না জানালেও সংসদ অধিবেশনেই তাদের কথা বলার সুযোগ থাকার বিষয়টি তুলে ধরেন তিনি।
গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধান করে সংবিধান সংশোধনে বিশেষ এ কমিটি গঠন করা হয়।
কমিটি এ পর্যন্ত ২৩টি বৈঠক করেছে। সংসদে প্রতিবেদন উত্থাপনের আগে আরো কয়েকটি বৈঠক হবে বলে সুরঞ্জিত জানান।
সুরঞ্জিত বলেন, "সবার মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরির কাজ চলছে। আগামী অধিবেশনের প্রথম সুযোগেই যেন বিশেষ কমিটির সুপারিশগুলো প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন করা যায় সে চেষ্টা করবো।"
"বিভিন্ন মত আসাতে কমিটি উপকৃত হয়েছে। বিশেষ করে সাবেক প্রধান বিচারপতিদের মতামত। তবে সমুদ্র মন্থনের মতো অমৃতের সঙ্গে কিছু বিষও এসেছে। যেমন সংসদ ভেঙে দিয়ে গণপরিষদ গঠন, গণভোটের আয়োজন ইত্যাদি।"
সম্পাদকদের মধ্যে বিএনপি সমর্থক বলে পরিচিত অংশের কাছ থেকে সংসদ ভেঙে দেওয়া এবং গণভোটের প্রস্তাব দেওয়া হয়। সংবিধানে মৌলিক পরিবর্তন করতে হলে গণভোট দিতে হবে বলে বিএনপি নেতারা সভা-সমাবেশে বলে আসছেন।
এ বিষয়ে সুরঞ্জিত বলেন, শুধু সংবিধান সংশোধনে এ কমিটি গঠিত হয়েছে। কোনো মৌলিক পরিবর্তন করার এখতিয়ার এ কমিটির নেই।
কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী বিশেষ কমিটির নির্ধারিত কাজ হিসেবেই সংসদে প্রতিবেদন দেবে কমিটি। এর পরবর্তী কার্যক্রম স্পিকার নির্ধারণ করবেন বলে সুরঞ্জিত জানান।
জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের সুপারিশ করেছেন পত্রিকা সম্পাদকরা, যদিও বিএনপি এখন পর্যন্ত এ প্রক্রিয়ায় যুক্ত হয়নি।
সুরঞ্জিত বলেন, "বিরোধী দলের অংশগ্রহণের বিষয়ে আমরা আন্তরিক। দরজা এখনো খোলা আছে। বিএনপি সাংবিধানিকভাবেই প্রধান বিরোধী দল। সংসদে প্রতিবেদন উত্থাপনের পর আলোচনায় অংশ নিতে পারে।"
কমিটির সঙ্গে বৈঠকে বিএনপির না আসার বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, বিএনপির না আসাটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।
"তাদের অবস্থাটা বোঝা যাচ্ছে। কীভাবে তারা বলবে, সামরিক ফরমান দিয়ে সংবিধান সংশোধন অবৈধ? কীভাবে বলবে, সামরিক শাসন অবৈধ। এটা তাদের রাজনৈতিক সঙ্কট। গণতন্ত্রের নয়", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24