ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ক্ষমতাসীন দলের নেতারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বলেন, "সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী-যুবলীগের সন্ত্রাসীরা তাদের প্রতিপক্ষের প্রার্থীদের ওপর আক্রমণ চালাচ্ছে। তাদের ঘর-বাড়িতে সন্ত্রাস করছে। শরীয়তপুরে এরকম একটি সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে তারা পুরো এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।"
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শাসক দলের 'নির্যাতনের' কয়েকটি ঘটনা তুলে ধরা হয়।
গত ৬ মে গাজীপুরের কালীগঞ্জে যুবদলকর্মী জামির ও ইমতিয়াজ হোসেন নাইমের মৃত্যুর ঘটনা তুলে ধরে ফখরুল বলেন, "কালীগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক মইনুলের নেতৃত্বে যুব ও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাম দা দিয়ে কুপিয়ে দুজনকে (জামির ও নাইম) হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়।"
এ ঘটনার পর পুলিশ মামলাও নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে ফখরুল জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। বিকাল ৩টায় এই সমাবেশ হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, "জামির ও নাইমের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। তাদের দেহে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় আওয়ামী লীগের চাপে ওই দুটি লাশের ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফন করা হয়। এটা রহস্যজনক।"
দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, রফিক শিকদার, মাহবুবুল হক নান্নু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমও সংবাদ সম্মেলনে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24