ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ১২৬ জন পুলিশ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপির সংসদীয় দল।
শুক্রবার সকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন এই দাবি জানান।
তিনি বলেন, "গত চার দলীয় জোট সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নিরাপত্তায় ১২৬ জন পুলিশ দেয়া হয়। বর্তমানে বিরোধী দলীয় নেতার নিরাপত্তার জন্য আমরা সেই সংখ্যক পুলিশ দেয়ার দাবি জানাচ্ছি।''
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে খালেদা জিয়ার বাড়ির নিরাপত্তার জন্য ১০ জন পুলিশ সদস্য মোতায়েন করেছে।
জয়নুল আবদিন বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার ঝুঁকি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেকে বেশি। আমরা তার নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠিত। বিরোধী দলের নেতার নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ১১টি চিঠি দিলেও সরকার তা আমলে নিচ্ছে না।"
খালেদা জিয়া বর্তমানে গুলশান-২ এর একটি ভাড়া বাসায় থাকেন।
সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেয়া না দেয়ার বিষয়টি বিরোধী দলীয় নেতা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান প্রধান হুইপ।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান আগামী ২২ মে সংসদের নবম অধিবেশন আহ্বান করেছেন।
সংবিধান সংশোধন নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, "সংসদকে পাশ কাটিয়ে আইন মন্ত্রণালয় মনগড়া সংবিধান ছাপিয়ে ফেলেছে। এর কোনো কপিও বিরোধী দলকে দেয়া হয়নি। কোন সংবিধানে দেশ চলছে তা দেশবাসী জানে না।"
সরকারের এ ধরণের আচরণকে 'হঠকারী' অভিহিত করে জয়নুল আবদিন ফারুক বলেন, "এটা দেশের সাংবিধানিক রাজনীতি, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অশনি সংকেত।"
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বুদ্ধিজীবীদের দেয়া প্রস্তাব 'বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নতুন সংবিধান প্রণয়নে একটি গণপরিষদ গঠনের জন্য নির্বাচনের দাবি'র প্রতি সমর্থন জানান তিনি।
তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী দল জনগুরুত্বপূর্ণ সহাস্রাধিক প্রস্তাব জমা দিয়েছে। তার একটিও গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, "সংসদে কথা বললে সরকারি দলের সদস্যরা অশালীনভাবে জবাব দেন। তারা সংসদে পরিবেশ নষ্ট করে ফেলেছেন।"
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের সাংসদ মাহবুবউদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফউদ্দিন নিজান, নিজাম উদ্দিন, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, নীলুফার চৌধুরী মনি ও সাম্মী আখতার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৫২ ঘ.
bdnews24