২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইনশৃঙ্খলার উন্নতি না হলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে'

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে না পারলে দেশের সব উন্নয়ন বাধাগ্রস্থ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে না পারলে দেশের সব উন্নয়ন বাধাগ্রস্থ হবে। বৃহস্পতিবার বিকালে পুলিশকে দুটি পিকআপ গাড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিয়্যাল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই গাড়ি দুটি পুলিশকে দিয়েছে। ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ, রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ বিপু এবং পুলিশ ও রিহ্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। আর এই সহযোগিতা পেলে দেশের সকল উন্নয়ন কাজ নিশ্চিন্তে করা যাবে। জমির মালিক, আবাসন প্রতিষ্ঠান এবং ফ্ল্যাট ক্রেতাদের মধ্যে নানা ধরণের সমস্যার কয়েকটি উদহারণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অনেক আবাসন প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হওয়ার পরও পুরোপুরি কাজ না করে তার অংশ বিক্রি করে জমির মালিককে ঠকিয়ে পালিয়ে যায়। আবার চুক্তির পরও জমির মালিকও আবাসন প্রতিষ্ঠানকে কৌশলে বের করে দেন।" কোনো কিস্তি বাকি পড়লে সেই সুযোগ নিয়ে কতিপয় আবাসন প্রতিষ্ঠান ফ্ল্যাট ক্রেতাকে ফিরিয়ে দেয়। এ ধরণের সমস্যা সমাধানে রিহ্যাবকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টকু বলেন, "অনেক ডেভেলপার প্রতিষ্ঠান আছে যারা রাজউক বা সিটি কর্পোরেশনের নির্ধারিত আইন না মেনে বাড়ি নির্মাণ করছে। এ ধরণের আইন বহির্ভূত কর্মকাণ্ড নিয়ে পুলিশও অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে। এ অবস্থা যেনো না হয় তা পর্যবেক্ষণ করার জন্য প্রতিমন্ত্রী রিহ্যাব কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, "সদস্য সংগ্রহে আপনাদের আরো সর্তক থাকতে হবে।" দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে প্রতিমন্ত্রী রিহ্যাব সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে রিহ্যাব সভাপতি নসিরুল হামিদ বিপু ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের থানাগুলোতে গৃহায়ন সংক্রান্ত একজন বিশেষ কর্মকর্তা নিয়োগ, আবাসন শিল্প রক্ষার্থে জাতীয় পর্যায়ে গৃহায়ন সেল গঠন, গাড়ি রিক্যুইজিশন বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ঢাকা মহানগরীর ৪১টি থানায় গৃহায়ন সংক্রান্ত হেল্প ডেস্ক খোলার ঘোষণা দিয়ে জানান, এ ব্যাপারে সার্বিক তত্ত্বাবধান করবেন পুলিশের যুগ্ম কমিশনার ইব্রাহিম ফাতেমী। অনুষ্ঠান শেষে রিহ্যাব সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দুটি পিকআপ গাড়ির চাবি তুলে দেন। এই গাড়ি দুটির একটি ধানমণ্ডি এবং অপরটি উত্তরা থানায় বরাদ্দ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/২০১০ ঘ.